জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)।
অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে জানাতে আজ বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে তিনি কোন কোন স্কুলে এবং সপ্তাহে কয়দিন, কীভাবে অনলাইনে ক্লাস নেওয়া হবে, তা বিস্তারিত তুলে ধরতে পারেন বলেন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এর আগে গত ৫ এপ্রিল দুপুরে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদের সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বুধবার (৮ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনলাইন ক্লাসের বিপক্ষে মতামত তুলে ধরেন। তারপরও কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হতে পারে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে; যেমন- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ- এসব স্কুলে পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ নেওয়া হতে পারে, যেন জ্বালানি সাশ্রয়, যানজট কমানো এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।
এএএইচ/এমকেআর