দেশজুড়ে

মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘লাই হারাওবা’ উৎসব শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী উৎসব ‘লাই হারাওবা’ শুরু হয়েছে। ‌‘লাই হারাওবা’ বলতে দেবতাদের আনন্দ উৎসব বোঝানো হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসব শেষ হবে শুক্রবার (১০ এপ্রিল)।

‘লাই হারাওবা’ উৎসবে অংশগ্রহণকারী ভক্তরা পথপরিক্রমা করার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করেন। কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে বাঁশি , ঢাক-ঢোল বাজিয়ে তাদের নিজস্ব ভাষায় সংগীত পরিবেশন ও মন্ত্র পাঠ করা হয়। সন্ধ্যায় নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের বাদ্যযন্ত্রের তালে তালে সংগীত ও নৃত্য পরিবেশন করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব ‘লাই হারাওবা’ উৎসবকে কেন্দ্র করে আদমপুরে মৈতৈ সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবারের উৎসবে দেশের প্রথিতযশা শিল্পী, গবেষক অংশ নেওয়ার পাশাপাশি ভারতের মণিপুর থেকে একদল শিল্পী, কলাকুশলী, গবেষক অংশ নেন।

আয়োজক কমিটি জানায়, উৎসবটি চিরাচরিত রীতি ও প্রথাগ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসব মণিপুরী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণকেন্দ্র, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত হয়ে। উৎসবটি ‘বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়-ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়ন’ এর আওতায় আয়োজিত হচ্ছে।

লাই হারাওবা স্টিয়ারিং কমিটি বাংলাদেশের সদস্যসচিব ওইমান লানথই এবং আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) বলেন, লাই হারাওবা হলো মণিপুরী জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্যসত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন।

এম ইসলাম/এসআর/এএসএম