যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই লেবাননে চালানো দখলদার ইসরায়েলি বাহিনীর শতাধিক নৃশংস হামলার বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (৮ এপ্রিল) এসব হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েল ১০ মিনিটে ১০০ বিমান হামলা চালায়।
এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস সোসাইটি। ঘনবসতিপূর্ণ বৈরুতসহ লেবাননের আবাসিক এলাকাগুলোতে পূর্ব সতর্কতা ছাড়াই ভারী বিস্ফোরক ব্যবহারের জন্য ইসরায়েলের কড়া সমালোচনা করেছে। সংস্থাটি এসব হামলাকে বেসামরিক জনগণের ওপর ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছে।
ইসরায়েলি এই হামলায় লেবানন জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮৯ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছে। তবে কিছু স্থানীয় সূত্রে মৃতের সংখ্যা ২৫০ পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক-এর মতে, লেবাননে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের মাত্রা সত্যিই ভয়াবহ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন রক্তপাত বিশ্বাস করা কঠিন। এটি শান্তি প্রক্রিয়ার ওপর বিরাট চাপ সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত জরুরি।
জাতিসংঘের হাইকমিশনার আরও বলেন, সমস্ত অভিযোগকৃত লঙ্ঘনের বিষয়ে দ্রুত ও স্বাধীন তদন্ত জরুরি। এর পাশাপাশি দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
তিনি আরও সতর্ক করে বলেন, এই ধরনের হামলার ব্যাপকতা এবং ইসরায়েলি কর্মকর্তাদের কিছু বক্তব্য ( দক্ষিণ লেবাননের অংশ দখল বা সংযুক্ত করার ইঙ্গিত রয়েছে) গভীর উদ্বেগজনক।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
কেএম