জাতীয়

সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহে সিএমপির প্রশিক্ষণ

সড়ক নিরাপত্তা জোরদারে দুর্ঘটনার তথ্য সংগ্রহ, সংশোধন ও পরিশোধন প্রক্রিয়ার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর দামপাড়ায় সিএমপি সদর দপ্তরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) কর্মসূচির আওতায় আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের সহায়তায় এ আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী। তিনি বলেন, সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তথ্যভিত্তিক বিশ্লেষণ দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনজ্বালানি সংকটে সোনামসজিদ স্থলবন্দরে স্থবিরতা, বেড়েছে ট্রাকের ভাড়া ৮ মাসে বাণিজ্য ঘাটতি ২ লাখ ৭ হাজার কোটি টাকারও বেশি 

কর্মশালায় রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ, অ্যাকসিডেন্ট রিপোর্ট ফর্ম (এআরএফ) সঠিকভাবে পূরণ, তথ্য সংশোধন ও পরিশোধন প্রক্রিয়া নিয়ে সেশন পরিচালনা করেন বিআইজিআরএস চট্টগ্রামের সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর ও বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ।

এআরএফ ফরম কাগজে ও অনলাইনে পূরণের পদ্ধতি, তথ্য যাচাই ও সংশোধনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। পাশাপাশি পূর্বে পূরণ করা ফরমের সাধারণ ভুলগুলো তুলে ধরে ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দিয়ে সেগুলো শনাক্ত ও সংশোধন করানো হয়।

কর্মশালায় সিএমপির রোড সেফটি সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার নুরুল ইসলাম সিদ্দিকসহ পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ পরিদর্শক, সার্জেন্ট এবং নগরের ১৬টি থানার অপারেটররা অংশ নেন। এছাড়া বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/কেএসআর