দেশজুড়ে

পঞ্চগড়ে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের নিরঙ্কুশ জয়

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদেই নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী খলিলুর রহমান।

নির্বাচনে সভাপতি পদে হাসান মো. আজিজুর রহমান প্রধান এবং সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, অন্যান্য পদে বিজয়ীরা হলেন- লিগ্যাল এইড সম্পাদক পদে আহসান হাবিব সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (বাবু), সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল মুকিত, আরাফাত হোসেন জনী, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, জেলা আইনজীবী সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ২য় তলায় বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী খলিলুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোছা. আনোয়ারা বেগম এবং আনোয়ার হোসেন।

সফিকুল আলম/কেএইচকে/এএসএম