হাঙ্গেরির নির্বাচনের ফলাফল ইউরোপীয় ইউনিয়নের পতনকে আরও ত্বরান্বিত করবে। সম্প্রতি হাঙ্গেরির সংসদ নির্বাচনে রুশপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পরাজয় স্বীকার করার পর এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রেয়েভ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দিমিত্রিয়েভ বলেন, এটি ইউরোপীয় ইউনিয়নের পতনকে আরও দ্রুততর করবে। চার মাস পর দেখে নিন আমি ঠিক কিনা।
যুক্তরাজ্যের কট্টর-ডানপন্থি রাজনীতিবিদ টমি রবিনসনের এর বক্তব্যের প্রেক্ষিতে এ মন্তব্য করেন কিরিল দিমিত্রেয়েভ। রবিনসন হাঙ্গেরির নির্বাচনের ফলাফলকে রুশপন্থিদের পতন হিসেবে উল্লেখ করেছিলেন।
আল-জাজিজার তথ্য মতে, এই সংসদ নির্বাচনে ৭৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। প্রায় ৯৭.৩৫ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়- ১৯৯ আসনের মধ্যে ১৩৮টি আসন পেয়েছে তিসজা পার্টি (৫৩.৬ শতাংশ ভোট)। অন্যদিকে অরবানের দল ফিডেসজ পেয়েছে মাত্র ৫৫টি আসন (৩৭.৮ শতাংশ ভোট)।
বিশ্লেষকদের মতে, এই ফলাফল হাঙ্গেরির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তিসজা পার্টি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে সংবিধান সংশোধনের সুযোগ পাবে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হাঙ্গেরির সম্পর্ক স্বাভাবিক হতে পারে এবং ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে।
সূত্র: তাস
কেএম