চুয়াডাঙ্গার দর্শনায় ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ এপ্রিল) সকালে দর্শনা রেল স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। আটক আলমগীর খান দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার আর্থিক মূল্য আনুমানিক ২ কোটি ৪৮ লাখ টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেল স্টেশনে অবস্থান নেয়। সকালের দিকে সন্দেহভাজন এক ব্যক্তি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
তিনি বলেন, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পোটলা পাওয়া যায়। পোটলা দুটি খুলে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়েরসহ উদ্ধার স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।
হুসাইন মালিক/কেএইচকে/এমএস