জাতীয়

প্রথম নিকার সভায় উঠতে পারে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) প্রথম সভায় উঠতে পারে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিগগির নিকার সভা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

এরই মধ্যে প্রাক-নিকার সচিব কমিটির সর্বশেষ সভায় বগুড়া সিটি করপোরেশন গঠন সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। পরবর্তী নিকারের সভায় বিষয়টি উত্থাপন করা হবে। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার প্রক্রিয়া এগোচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, ২০১০ সালের বিধিমালা অনুযায়ী সিটি করপোরেশন হওয়ার প্রায় সব শর্তই বগুড়া পূরণ করেছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্থায়ী জনসংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০০ হলেও বাস্তবে প্রায় ১০ লাখ মানুষের বসবাস রয়েছে। প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব ৬ হাজারের বেশি।

অর্থনৈতিক দিক থেকেও বগুড়া শক্ত অবস্থানে রয়েছে। পৌরসভার বার্ষিক আয় প্রায় ৬০ কোটি টাকা। পাশাপাশি এখানে সিরামিক, ফাউন্ড্রি, ওষুধ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতসহ প্রায় ২০ হাজার শিল্প-প্রতিষ্ঠান রয়েছে।

প্রস্তাব অনুযায়ী বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলার কিছু ইউনিয়ন যুক্ত করে সীমানা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন রয়েছে।

আরএমএম/এমআইএইচএস