জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা এক নির্দেশনায় কেন্দ্রসমূহের জন্য বিস্তারিত করণীয় ও নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র তালিকা ও পরীক্ষার্থীর তালিকা ডাউনলোড করতে হবে। গ্রুপভিত্তিক পরীক্ষার্থীদের তথ্য অনুযায়ী আসন বিন্যাস সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার্থীদের মধ্যে পর্যাপ্ত দূরত্ব নিশ্চিত করতে হবে।
প্রতিটি কক্ষে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা গ্রুপ অনুযায়ী আসন সংখ্যা ১০-এর গুণিতক রাখতে হবে। কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে স্থান সংকুলান না হলে প্রয়োজনে অন্য বেসরকারি কলেজ বা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভেন্যু নির্ধারণ করা যাবে। পরীক্ষা শুরুর অন্তত তিনদিন আগে আসন বিন্যাসের তালিকা প্রকাশ করতে হবে।
পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হাজিরাপত্র ও প্রবেশপত্রের ছবি মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই প্রক্সি পরীক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না।
প্রতিটি গ্রুপের জন্য দুই সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বসা পরীক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দিতে হবে। ওএমআর শিটে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ হয়েছে কি না, তা তদারকি করতে হবে। কোনো ধরনের সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা থাকলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র কর্তৃপক্ষকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থী ছাড়া অন্য কারো প্রবেশ নিয়ন্ত্রণে রাখতে হবে।
পরীক্ষা শেষে উত্তরপত্র (ওএমআর শিট) ও হাজিরাপত্র নির্ধারিত নিয়মে সিলগালা করে একই দিন রাত ৮টার মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। ডাক বা কুরিয়ার সার্ভিসে এসব পাঠানো যাবে না।
এএএইচ/এএমএ