স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও দেশে মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। সবাই তেল পাচ্ছে, সরবরাহ ও মজুত ঠিক আছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, সরকার জ্বালানির দাম বাড়ায়নি, বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ দিচ্ছে। এতে জুন পর্যন্ত ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।
আইন প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার ৯১টি বিল পাস করেছে। ১/১১-এর সময় প্রায় ২৫০টি অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং আওয়ামী লীগ সরকার ১২০টি আইন পাস করেছে। সব আইন বিল আকারে পাস করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০ তারিখ তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এ সময় ই-বেল বন্ড উদ্বোধনসহ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু হতে পারে।
তিনি আরও বলেন, বেসরকারি সংস্থার সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মহাস্থান মোকামতলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এল.বি/কেএইচকে/এএসএম