অর্থনীতি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো

কোম্পানি করদাতাদের কর জমার সময় আরও এক দফা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমববার (১৩ এপ্রিল) এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় ১৫ এপ্রিল থেকে বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছে। 

এর আগে তিন দফা সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি, ১৫ মার্চ ও ১৫ এপ্রিল পর্যন্ত কোম্পানি করদাতারদের রিটার্ন জমার সময় নির্ধারিত করেছিল এনবিআর। এ নিয়ে চতুর্থ দফায় কোম্পানি রিটার্নের সময় বাড়ানো হলো। 

করনীতির দ্বিতীয় সচিব একরামুল হকের সই করা আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হলো।

সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরে চিঠি পাঠায় ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। এরপরই আরও এক দফা সময় বাড়ায় এনবিআর।

এসএম/এমকেআর