জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের প্রস্তাবিত ছাত্র হল-১ এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ৩১ মার্চ আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রভোস্ট পদ থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অধ্যাপক ড. মো. ওমর ফারুককে দুই বছরের জন্য প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নবনিযুক্ত হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া, যিনি মানুষকে সম্মানিত করেন। আমাকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়ায় উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
টিএইচকিউ/বিএ