ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে যত্রতত্রভাবে নির্মাণসামগ্রী রাখায় যানজট ও পথচারীদের চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে শিগগির মহানগরজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
সোমবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী যত্রতত্রভাবে সড়ক ও ফুটপাতে রাখার কারণে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। এ ধরনের কার্যক্রম ডিএমপি অধ্যাদেশ এবং সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
বিষয়টি নিয়ন্ত্রণে আনতে শিগগির মহানগরজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ডিএমপির ট্রাফিক বিভাগ একযোগে কাজ করবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সড়ক ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রীসহ অন্য মালামাল দ্রুত অপসারণ করতে হবে এবং আইন যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
ডিএমপি আরও জানায়, একটি সুশৃঙ্খল ও যানজটমুক্ত মহানগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
টিটি/এমকেআর