হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৩ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোট ৭৪ শিশু।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১১ এপ্রিল বেলা ১২টার দিকে জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা সাত মাস বয়সী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিল। সোমবার দিনগত রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা আরও বলেন, গত ১৭ মার্চ থেকে ১৪ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৭ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৩ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৩৭০ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে চিকিৎসা দিচ্ছেন।
কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস