জয়পুরহাটের আক্কেলপুরে এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের ঘরের ভেতর আটকে রেখে পাঁচটি গরু লুট করে নিয়ে যায় চোরের দল।
সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে সৌদিপ্রবাসী মোহসিন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী মোহসিন আলীর স্ত্রী বাড়িতে আটটি গরু লালন-পালন করতেন। দুই সপ্তাহ আগে স্থানীয় হাটে তিনটি গরু বিক্রি করা হয়। সোমবার দিনের বেলায় গোয়ালঘরে একটি ষাঁড় ও চারটি বকনা গরু বাঁধা ছিল। পরদিন সকালে গরুকে খাওয়ানোর জন্য ঘাসও কিনে রাখা হয়েছিল। কিন্তু মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখেন, গোয়ালঘরে ঘাস পড়ে থাকলেও কোনো গরু নেই।
প্রবাসী মোহসিন আলীর মা মনোয়ারা বেগম বলেন, ‘চুরি যাওয়া পাঁচটি গরুর দাম প্রায় চার লাখ টাকা। বাড়িতে আমার বউমা ও নাতি-নাতনিরা থাকে। সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েছিল। মঙ্গলবার ভোরে বউমা দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে শিকল দেওয়া। বাড়ির মূল ফটকও খোলা। পরে জানালা দিয়ে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেন। বাইরে এসে দেখি গোয়ালঘরে একটি গরুও নেই।’
এ বিষয়ে প্রতিবেশী সানোয়ার হোসেন বলেন, ‘এলাকায় মাঝেমধ্যেই এমন গরু চুরির ঘটনা ঘটছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা গরু খুঁজতে বাইরে গেছেন। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দেননি।
মাহফুজ রহমান/এসআর/এমএস