ক্যাম্পাস

জবিতে ছাত্রদলের বর্ণাঢ্য বর্ষবরণ, নজর কেড়েছে ঐতিহ্যবাহী হাড়িভাঙা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে নানান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবারের (১৪ ডিসেম্বর) এই আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আড্ডার পাশাপাশি সবার নজর কেড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘হাড়িভাঙা’ প্রতিযোগিতা।

​সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর ও এর আশপাশের এলাকায় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের পদচারণায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সকালে চিত্রাংকন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, শুভেচ্ছা বিনিময় ও সংগীতানুষ্ঠানের পর শুরু হয় ছাত্রদলের আয়োজনে হাড়িভাঙা প্রতিযোগিতা।

এতে চোখে কাপড় বেঁধে লাঠি হাতে লক্ষ্যভেদে নামেন সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের কর্মীরা। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই লোকজ খেলাটি দেখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাড়ি ভাঙার প্রতিটি সফল ও ব্যর্থ চেষ্টায় উপস্থিত দর্শকদের তালি আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

আরও পড়ুনপহেলা বৈশাখে মিষ্টিমুখ, ক্রেতা-বিক্রেতার বন্ধন টিকে আছে যুগ যুগ ধরে ছুটির দিনেও যানজট বিজয় সরণিতে, জিয়া উদ্যানে দর্শনার্থীদের ভিড় 

এ ​আয়োজন সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতেই আমরা এই গ্রামীণ খেলার আয়োজন করেছি। রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে একটি সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, শাহরিয়ার হোসেন প্রমুখ।

এছাড়া হাড়িভাঙা খেলা শেষে​ ছাত্রদলের আয়োজনে বালিশ বদল ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আগামীকাল বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

টিএইচকিউ/কেএসআর