দেশজুড়ে

পহেলা বৈশাখে পটুয়াখালীতে ঘোড়দৌড়

পটুয়াখালীর দুমকি উপজেলায় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের উপস্থিতিতে প্রতিযোগিতাস্থল যেন পরিণত হয় এক মিলনমেলায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের একটি খোলা মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মুরাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ ঘোড়দৌড়ে অংশ নেয় পটুয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ১২টি ঘোড়া। অংশগ্রহণকারীদের মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সী কয়েকজন কিশোরও ছিল।

প্রতিযোগিতা ঘিরে মাঠজুড়ে ভিড় জমান নানা শ্রেণিপেশার মানুষ। পাশাপাশি বসে অস্থায়ী দোকানপাট, যা পুরো আয়োজনকে দেয় মেলার আমেজ।

পটুয়াখালীর লোহালিয়া থেকে আসা কয়েকজন বলেন, ঘোড়দৌড় দেখতে এসে তারা দারুণ আনন্দিত হয়েছেন। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করেছে।

স্থানীয় শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, নিজ এলাকায় এমন ঐতিহ্যবাহী আয়োজন দেখে তিনি আনন্দিত। প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলে নতুন প্রজন্ম গ্রামীণ সংস্কৃতির সঙ্গে আরও পরিচিত হতে পারবে।

একজন ঘোড়ার মালিক জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং বেশ কয়েকবার বিজয়ী হয়েছেন। শারীরিকভাবে সক্ষম থাকা পর্যন্ত তিনি এই প্রতিযোগিতায় অংশ নিতে চান।

আয়োজকরা জানান, ঐতিহ্য সংরক্ষণ ও মানুষের আনন্দের কথা ভেবেই এ আয়োজন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

মাহমুদ হাসান রায়হান/এমএন/এমএস