দেশজুড়ে

নীলফামারীতে ডাম্পট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক পথচারী। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিহাব হোসেন ও তার ছোট ভাই সোহাদ হোসেন। তারা নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দপুর থেকে নীলফামারী গামী একটি ডাম্পট্রাক ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পথচারীকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই ভাই সিহাব হোসেন ও সোহাদ হোসেন মারা যান। আহত মোহাম্দ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ডাম্পট্রাককে চিহ্নিত ও চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

আমিরুল হক/এমএন/এমএস