আইন-আদালত

‘পুলিশে জনগণের আস্থা নেই’—মন্তব্য করা সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রিট

 

পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিং নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতিবাচক মন্তব্যের ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার (১৫ এপ্রিল) মানবাধিকার সংগঠন বাংলাদেশ আইন ও অধিকার ফাউন্ডেশনের কর্মী সৈয়দ রায়হানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল হোসাইন তপু এ রিট করেন।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব ও উপসচিবসহ (প্রশাসন-২) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটের বিষয়টি রিটকারী আইনজীবী নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (১১ এপ্রিল) পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিং নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতিবাচক মন্তব্যে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি মনে করে, এ ধরনের মন্তব্য পুরো বাহিনীর পেশাগত মর্যাদা, আত্মসম্মান ও মনোবলকে মারাত্মকভাবে আঘাত করেছে।

এর আগে গত শনিবার (১২ এপ্রিল) অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।

এতে বলা হয়, ৬ এপ্রিল ঢাকায় দায়িত্বরত একজন পুলিশ সদস্যের গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান কিছু মন্তব্য করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ‘পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থা নেই’—তার ঢালাও এমন মন্তব্য অবমাননাকর।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, টহল কার্যক্রম এবং তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে অনেক সময় পুলিশকে জরুরি ভিত্তিতে রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। এই বাস্তবতাকে বিবেচনা না করে জনসম্মুখে পুরো বাহিনী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। একজন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ সমীচীন নয়।

এফএইচ/এমকেআর