দেশজুড়ে

প্রকাশিত নিউজের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ২ এপ্রিল ‘মামলাবাজ ছেলের কাণ্ডে দিশাহারা পরিবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে জাগো নিউজ। উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি আব্দুল্লাহ আল মাসুদ।

প্রতিবেদনে আব্দুল্লাহ আল মাসুদকে চাকরিচ্যুত একজন নৌ কর্মকর্তা বলা হলেও তিনি এটাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন। এছাড়া ঋণের বিষয়ে অবসর গ্রহণের পর বাবার সঙ্গে সমঝোতা চুক্তিপত্র অনুযায়ী কিস্তি পরিশোধ করছেন বলে দাবি করেন। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত সব বিষয়ে সঠিকভাবে যাচাই-বাছাই না করে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়।

প্রতিবেদকের বক্তব্য প্রতিবেদনটি প্রকাশে অভিযোগকারী অর্থাৎ আব্দুল্লাহ আল মাসুদের মা, আপন ভাই, ভাইয়ের সাবেক স্ত্রী জান্নাত ই মিতু এবং পরিবারের অন্যদের অভিযোগ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে নিরপেক্ষতার স্বার্থে আব্দুল্লাহ আল মাসুদের বক্তব্যও নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক মামলার কাগজপত্র বিশ্লেষণ করে মামলার অবস্থান প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আদালত প্রভাবিত হতে পারে এমন কোনো নিজস্ব মন্তব্য প্রতিবেদকের নেই। আব্দুল্লাহ আল মাসুদের চাকরিচ্যুতির অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে নৌ বাহিনীতে তার চাকরিকালীন কিছু তথ্য এ প্রতিবেদকের হাতে আসে। কিন্তু আদালতে উভয়পক্ষের একাধিক মামলা চলমান থাকায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ প্রতিবেদক সেসব তথ্য উপস্থাপন থেকে বিরত ছিলেন। এমনকি প্রতিবেদনে নিরপেক্ষতা রাখতে অন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে আব্দুল্লাহ আল মাসুদের করা বিরূপ মন্তব্য প্রকাশ করা থেকেও জাগো নিউজ বিরত ছিল।

এএইচ/জেআইএম