আইন-আদালত

তাজুল ইসলামের সঙ্গে বসবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে বসে আলাপ-আলোচনা করবে বলে জানিয়েছেন বর্তমান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, তাজুল ইসলামের সঙ্গে বসে প্রসিকিউশন কার্যক্রম ও তৎকালীন সার্বিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে, যেহেতু তিনি ওই সময় প্রসিকিউশনের প্রধান ছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) জাগো নিউজকে এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম নিজেই।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার।

বিষয়টি নিয়ে ১০ মার্চ একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দেশীয় ও বিদেশি সংস্থা। এ ছাড়া প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেনের তামিমের বিষয়েও অভিযোগ করেছিলেন আরেকজন প্রসিকিউটর।

এসব ঘটনাসহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ১০ মার্চ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে চিফ প্রসিকিউটরের কার্যালয়।

আমিনুল ইসলাম বলেন, সাইমুম রেজা তালুকদার আগেই টেলিফোনে এ বিষয়ে কথা বলার কথা স্বীকার করেছেন। তাকে আবারও ডেকেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। চলতি মাসেই কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে আশা করছি।

এফএইচ/এমএএইচ/