দেশজুড়ে

‘না.গঞ্জের উন্নয়নের চাবি আইভী’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি বলেছেন, নারায়ণগঞ্জের উন্নয়নের চাবি হচ্ছেন আইভী। আর আইভীকে বিজয়ী করতে পারলেই নারায়ণগঞ্জের উন্নয়নের দুয়ার খুলবে।শনিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন নিয়ে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজয়ের এ ডিসেম্বরের আগামী ২২ তারিখ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে হাসি ফুটাতে হবে বলে স্থানীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নাসিক নির্বাচন দুভাবে বিভক্ত। একটি হচ্ছে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ অপরটি হচ্ছে যুদ্ধাপরাধী রাজাকার জামায়াতের সহায়তাকারী বিএনপি। তিনি আরো বলেন, নাসিক নির্বাচনে জনগণ স্বাধীনতার স্বপক্ষের শক্তির পক্ষে রায় দেবেন। আর আইভীর জনপ্রিয়তায় নারায়ণগঞ্জে নৌকার জোয়ার বইছে। আইভী নারায়ণগঞ্জে যেভাবে উন্নয়ন করেছে জনগণ তাকে চোখ বুজে ভোট দিয়ে বিজয়ী করবেন। সুজিত রায় নন্দি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আইনজীবী চন্দন কুমার সরকারকে যখন মারা হয়, তখন আইভী তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। তখন তিনি তার হত্যার বিচারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছেও গিয়েছিলেন। তার আচরণ দেখে মনে হয়েছে আওয়ামী লীগের কর্মীদের প্রতি তিনি কতটুকু অনুগত ছিলেন। দলের নেতাকর্মীরা যেন ঐক্যবদ্ধভাবে আইভীকে বিজয়ী করে বিজয় মাসে আরেকটি বিজয় উপহার দেন।  মতবিনিময় সভায় আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ নেতা অ্যাড. আামিনুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু প্রমুখ।       শাহাদাত হোসেন/এআরএ/পিআর