জাতীয়

বিমান বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

লালমনিরহাটে শুরু হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের উদ্যোগে ছয় দিনব্যাপী যৌথ মহড়া। সোমবার শুরু হওয়া এ মহড়া পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে মহড়া কার্যক্রম পরিদর্শনে স্বাগত জানান।

মার্কিন রাষ্ট্রদূত লালমনিরহাটের কদমতলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্প এবং ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ে প্রকৌশল কার্যক্রমের জন্য স্থাপিত ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়া বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মহড়া পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ সময় মহড়ার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তি দুই দেশের বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।

উল্লেখ্য, এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট লালমনিরহাটের আশপাশ এলাকার রোগীদের বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবাসহ ওষুধ ও সহায়ক সামগ্রী প্রদান করছে।

এ অনুশীলনের মাধ্যমে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দ্রুততম সময়ে স্বাস্থ্যসেবায় করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ধারণা প্রদান করা হচ্ছে।

এছাড়া মহড়ার মাধ্যমে এ এলাকার ক্ষতিগ্রস্ত পাঁচটি বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ এবং স্যানিটারি সামগ্রী প্রদান করা হচ্ছে।

জেপি/বিএ/এমকেএইচ