ক্যাম্পাস

একসঙ্গে জাবিতে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তির সুযোগ পেয়েছেন সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা নামে যমজ বোন। তারা টাঙ্গাইলের সখীপুর উপজেলার মিলপাড়া গ্রামের মো. আল-আমীন ও আফিয়া আক্তার শিক্ষক দম্পতির সন্তান।

এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যথাক্রমে ‘ডি’ ইউনিটে ১ম এবং ‘এ’ ইউনিটে ৭৬ তম হয়েছেন তারা।

আফসানা ও শাহানা প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব পর্যায়ে জিপিএ-৫ পাওয়ার মধ্যে দিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

স্কুল জীবনে দুই বোন সখীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও একই বিভাগে পড়াশোনা শেষ করেন। সব কিছুতে মিল থাকার পর এবার একই সঙ্গে জাবিতে ভর্তির সুযোগ পেয়েছেন তারা।

এ বিষয়ে সামিয়া জাহান আফসানা বলেন, ছোটবেলা থেকে প্রায় একই রকমভাবে বড় হয়েছি। দুজনের স্বপ্ন চিকিৎসক হওয়া। এমবিবিএস ভর্তি পরীক্ষায় আমরা ওয়েটিং আছি দেখা যাক কী হয়। তবে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে দুজনে ভালো করার বিষয়টি আমাদের খুবই আনন্দিত করেছে।

এ বিষয়ে তাদের বাবা বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যাপক আল আমীন মিয়া বলেন, সন্তানের সাফল্য সবসময় মা-বাবাকে আনন্দিত করে। একসঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এতে আমি ভীষণ খুশি হয়েছি।

সৈকত ইসলাম/আরএইচ/এএসএম