দেশজুড়ে

বিতর্কের মুখে সিলেট মহানগর কমিটি স্থগিত

ব্যাপক সমালোচনা, বিতর্কের মুখে ঘোষণার একদিন পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক পোস্টে কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটি প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ঠাঁই দেওয়ার অভিযোগ তোলেন সমন্বয়কদের একাংশ। এছাড়াও ঘোষিত কমিটিতে তিন নেতার নাম প্রকাশ করা হয়েছে। তাদের নামের পাশে মহিলা কলেজ লেখা হয়েছে। এ নিয়ে বিতর্ক দেখা দেয়।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটিতে অনাকাঙ্ক্ষিত অনেক ভুল থাকায় পেজ থেকে কমিটি সরিয়ে নেওয়া হয়েছে।’

নির্দিষ্ট অভিযোগ থাকলে বিভাগীয় প্রতিনিধিদের জানানোর পরামর্শও দিয়ে গালিব জানান, ‘সংশোধনের পর পুনরায় কমিটি প্রকাশ করা হবে।’

এ ছাড়াও তিনি লিখেন, ‘সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিলেট ও সম্মিলিত মেডিকেল কলেজ সিলেটের কমিটি গঠনের কাজ চলমান রয়েছে।’ এ দুই ইউনিটে কাজ করতে আগ্রহীদের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে জানতে সমন্বয়ক আসাদ উল্লাহ গালিবেরর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার হোসাইনকে আহ্বায়ক, মদন মোহন কলেজের শিক্ষার্থী তামিম আহমেদকে সদস্য সচিব, এমসি কলেজের শিক্ষার্থী হাসান আহমদ চৌধুরী মাজেদকে মুখ্য সংগঠক এবং মদন মোহন কলেজের শিক্ষার্থী মো. রিয়াদ হোসেনকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল ১৯ জনকে।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল রোববার সিলেট মহানগর শাখার এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিলেন।

আহমেদ জামিল/এএইচ/এএসএম