দেশজুড়ে

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্তে সতর্কতা জারি

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ও সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিজিবি’র পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে এ সতর্কতা জারি করা হয়েছে।সাম্প্রতিক সময়ে দেশে লেখক, প্রকাশক ও ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ৬ সদস্য যাতে কোনভাবেই বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে না পারে সে লক্ষ্যে এ সতর্কতা জারি করা হয়েছে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত- বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী প্রত্যেক পাসপোর্টযাত্রীকে যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাদের যাতায়াতের অনুমতি দিচ্ছে চেকপোস্ট কর্তৃপক্ষ।এদিকে, আগে থেকে বেনাপোলের সীমান্ত এলাকা দিয়ে যাতে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ না হয় সেদিকে বিজিবি’র পক্ষ থেকে নজরদারী রয়েছে বলে জানান বেনাপোল বিজিবি‘র ক্যাম্প ইনচার্জ সুবেদার গিয়াস উদ্দিন।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকেন। এর মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের ৬ সদস্য শরীফ, সেলিম, সিফাত, রাজু, সিহাব ও সাজ্জাদ ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি।উল্লেখ্য, ওই ৬ জনকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।জামাল হোসেন/জেএইচ