জাতীয়

পল্টনে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবক গ্রেফতার

রাজধানীর পল্টন এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তানভীর আহম্মেদ নিজাম (৩১) নামের এ যুবকের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে পল্টন মডেল থানা এলাকার ভিআইপি রোডে ছিনতাই করছেন। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তানভীর আহম্মেদ নিজামকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যান।

আরও পড়ুন চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনার ৩ দিন পর মামলা  কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া 

গ্রেফতার নিজাম পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি পল্টন ও আশপাশের এলাকায় ছিনতাই করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার তানভীর আহম্মেদ নিজামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

টিটি/কেএসআর/জিকেএস