জাতীয়

মিরপুরে গুড়ের রেশমি জিলাপিতে মজেছেন ক্রেতারা

জমে উঠেছে রাজধানীর মিরপুরের ইফতারি বাজার। অন্যান্য বছরের মতো এবারও মিরপুরে নামিদামি ইফতার বাজারের পাশাপাশি বিভিন্ন এলাকার রেস্তোরাঁ ও ফুটপাতের ইফতারি বাজার জমে উঠেছে। নানা পদের মুখরোচক ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন বিক্রেতারা।

শুক্রবার (৭ মার্চ) ষষ্ঠ রোজার দিন বিকেলে প্রতিটি ইফতারির দোকানে মানুষের ভিড় দেখা গেছে। দোকানগুলোতে পেঁয়াজু, আলুর চপ, কাবাব আইটেমের পাশাপাশি বিভিন্ন ধরনের জিলাপির সমাহার দেখা যায়।

মিরপুর ১ নম্বরের ইত্যাদি হোটেলের সামনে ক্রেতার ভিড় দেখা যায়। দোকানটিতে তিন ধরনের জিলাপি পাওয়া যায়। তবে গুড়ের রেশমি জিলাপি বিক্রি হয় বেশি। বিক্রেতা জানালেন, অন্য ভাজাপোড়া আইটেমের চেয়ে এখানে জিলাপি বিক্রি হয় বেশি। বিগত ৬ বছর ধরে দোকানটির জিলাপি মুগ্ধ করছে ক্রেতাদের।

দোকানটির বিক্রয়কর্মী শান্ত আহসান বলেন, গুড়ের রেশমি জিলাপি প্রতি কেজির দাম ৪০০ টাকা। একই দাম গুড়ের চানাচুর জিলাপির। এছাড়া ঘিয়ে ভাজা জিলাপি দাম প্রতিকেজি ৩০০ টাকা। বেলা ১২ টা থেকে জিলাপি ভাজা শুরু করি। মাগরিবের আগ পর্যন্ত ভাজি। এছাড়া দোকানটিতে পেঁয়াজু, আলুর চপ ও বেগুনি প্রতিপিস ৫ টাকা, রোল ৩০ টাকা, ডিম চপ ২০ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুর সাড়ে ১১ নম্বর জিলাপি ঘরে হরেক রকমের জিলাপি বিক্রি করতে দেখা যায়। সেখানেও জিলাপির জন্য ক্রেতাদের ভিড় দেখা গেছে। প্রতিকেজি স্পেশাল জিলাপি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

জিলাপি ঘরের সামনে মহিউদ্দিন নামে একজন ক্রেতা বলেন, ইফতারের সময় জিলাপিটা কেনা হয়। ভালো ও সুস্বাদু জিলাপি খুঁজে খুঁজে কেনার চেষ্টা করি। এছাড়া বনফুল, বনলতাসহ বিভিন্ন রেস্তোরাঁয় বাহারি নামে জিলাপি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়।

দোকান ঘুরে দেখা গেছে, প্রতি পিস পেঁয়াজু, বেগুনি ও আলুর চপ বিক্রি হচ্ছে ৫ টাকায়। এছাড়া অন্যান্য পণ্যের দাম দোকান ভেদে একেক রকম। যেমন চিকন বা রেশমি জিলাপি প্রতিকেজি কোথাও ৫০০ টাকা, কোথায় ৪৫০ টাকা। একই অবস্থা হালিমের। ৫০০ গ্রাম হালিম বিক্রি হচ্ছে ৭০০-৮৫০ টাকায় আর বড় বাটি বা এক কেজি ১৪০০-১৫০০ টাকায়।

এছাড়া দোকানভেদে চিকেন কাবাব ১১০-১৩০ টাকা, চিকেন কাটলেট ৫০-৮০ টাকা, চিকেন শর্মা ১৫০- ১৬০ টাকা, চিকেন সাসলিক ৮০-১২০ টাকা, জালি কাবাব ৩০-৬০ টাকা, অনথন ২০ টাকা, স্প্রিং রোল ৩০-৪০ টাকা, আস্ত চিকেন গ্রিল ৫০০ টাকা, খাসির লেগ রোস্ট এক হাজার টাকা, সোনালি মুরগির রোস্ট ৪৮০ টাকা, বিফ কোফতা ৫০ টাকা, রেশা কাবাব ৫০ টাকা।

এসএম/এমএএইচ/এমএস