রাজনীতি

চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের প্রতিহত করতে হবে। আর কোনো বিএনপির নেতা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করলে তাকেও আইনের হাতে সমর্পণ করুন।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সারাদেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল। সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী অনেককে ভয় পাচ্ছেন। সিদ্ধান্ত নিতে পারছেন না। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ দখলবাজের অবস্থান নেই।

তিনি বলেন, অনেকে ভুয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্চ মহলে সুপারিশ করবো।

কেএইচ/এমএএইচ/এএসএম