ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অভিযানের নামে বাসা বা অফিস তছনছ করার অধিকার কারও নেই।
তিনি বলেন, কোনো খবর থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, অভিযান আমরা পরিচালনা করবো। আপনারা প্লিজ আইন হাতে তুলে নেবেন না।
শনিবার (৮ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মবের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, মব জাস্টিসের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালও বলেছেন। ২-৩ চারটি ঘটনা হয়ে গেছে। রিক্যুয়েস্ট করবো, যে কোনো জায়গায় অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন ল এনফোর্সমেন্ট এজেন্সি।
তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, কোনোভাবেই কোনো বাড়ি-অফিসে নগদ টাকা-স্বর্ণ আছে এটার খবর পাওয়ার পর কোনোভাবেই কোনো ব্যক্তির অধিকার নেই অভিযান চালিয়ে সেই বাসা বা অফিস তছনছ করার।
ডিএমপি কমিশনার আরও বলেন, দুই তিনটি যে ঘটনা ঘটেছে আমরা এ বিষয়ে কঠিন মামলা নিয়েছি। আইনের সর্বোচ্চ ধারা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। ব্যবস্থা নিয়ে বুঝানোর চেষ্টা করছি এ ধরনের কাজ আপনারা করবেন না। কোনো খবর থাকলে আমাদের খবর দেন, অভিযান আমরা পরিচালনা করবো। আপনারা প্লিজ আইন হাতে তুলে নেবেন না। আপনার কাছে সংবাদ থাকলে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাহায্য নিন।
টিটি/এমআইএইচএস/জেআইএম