আইন-আদালত

তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী চালক দলের জুয়েলের নামে মামলা

চাঁদাবাজি, হামলা ও লুটপাটের অভিযোগে কথিত জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির স্বঘোষিত সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার ও তার ছেলে শাকিল খন্দকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামি হলেন কথিত সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন।

সোমবার (১০ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিস সওদাগর এ্যানি বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।

আরও পড়ুন

সাবেক এমপি তানভীর ইমামের বাসা সন্দেহে মধ্যরাতে কার বাসায় তল্লাশি? বসুন্ধরায় দুই ইরানি নাগরিকের ওপর হামলায় গ্রেফতার ২

মামলার বাদী ইলতুৎমিস সওদাগর এ্যানি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতদিন দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে দলের কেউ অপরাধ করলে দলীয়ভাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী চালক দল’ নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো অঙ্গসংগঠন নেই। আসামিরা গত ৪ মার্চ তাদের মনগড়া কাহিনী তৈরি করে প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের তালাকপ্রাপ্ত স্ত্রীর বাসায় অনধিকার প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়। এ খবর দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আসামিরা ‘জাতীয়তাবাদী চালক দল’ নামে ভুয়া একটি সংগঠন তৈরি এবং এই পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় বেপরোয়া চাঁদাবাজি ও লুটপাট চালাতে থাকে।

আরও পড়ুন

গুলশানে তল্লাশির নামে বাসায় লুটপাট, সাবেক তত্ত্বাবধায়কসহ আটক ৩

প্রতারণামূলকভাবে ভুয়া সংগঠন সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপর এই স্বঘোষিত ভুয়া সংগঠনটি। বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের পরামর্শে এ মামলা দায়ের করা হয় বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে।

এমআইএন/এমকেআর