আইন-আদালত

সামিট গ্রুপের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। যার দলিল মূল্য এক কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হয়। তবে দুদকের আবেদনে এর প্রকৃত মূল্য উল্লেখ করা হয়েছে ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন এসব সম্পত্তি জব্দের আবেদন করেন।

আরও পড়ুন সামিট গ্রুপের ৪১ কোটি টাকা অবরুদ্ধের আদেশ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুস দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মালিকাধীন স্থাবর সম্পদ হস্তান্তর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য তার মালিকাধীন স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।

এমআইএন/কেএসআর/এএসএম