নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ব্যাপক অনিয়ম ও বিএনপির এজন্টেদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট প্রদান ও ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেন। শনিবার বিকেল ৩টায় সোনারগাঁও উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।নির্বাচন বর্জনকারী প্রার্থীরা হলেন, সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী ফজলুল হক, একই উপজেলার পিরোজপুর ইউনিয়ন ও সাদিপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম এবং কামরুজ্জামান মাসুম।সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর জানান, সকাল থেকে উপজেলার প্রতিটি কেন্দ্রে আওয়ামী লীগের লোকজন প্রভাব খাটিয়ে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিএনপির প্রার্থী এজেন্টদেএক কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেয়ার অভিযোগে তিনটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করেন। শাহাদাত হোসেন/এফএ/এমএস