খুলনায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ অবস্থায় প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকায় থাকার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাকর্মীরা বলছেন, জুলাই পরবর্তী বাংলাদেশের অস্তিত্বে বার বার আঘাত হানার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ।
রোববার (২০ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় খুলনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
এনসিপির খুলনা শাখার পক্ষ থেকে হামিম আহমেদ রাহাত বলেন, দেশের ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ প্রকাশ্যে মিছিল করেছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হাতে প্রায় দুই হাজার নাগরিককে হত্যার রক্ত লেগে আছে। হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এই সন্ত্রাসী সংগঠনের দেশব্যাপী সিরিজ কর্মসূচি জুলাই পরবর্তী বাংলাদেশের অস্তিত্বে বার বার আঘাত হানার অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র-জনতা এই অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করবে।
তিনি আরও বলেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্র শেখ বাড়িকে গুড়িয়ে দিতে খুলনাবাসী বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি। আমরা যদি বাংলাদেশের বুকে আবারও আওয়ামী সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করি, তাহলে দেশের মাটিতে ছাত্র-জনতা আবার জুলাই ফিরিয়ে আনবে। আর যার সূচনা হবে খুলনা থেকে।
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় খুলনার প্রশাসনের নীরবতার ব্যাখ্যা দাবি করে এনসিপির এই নেতা বলেন, একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্যের অভাবে দীর্ঘদিন ধরে এই অপশক্তিকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা সম্ভব হয়নি। ফলে তারা বারবার সুযোগ নিচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরণের অবস্থান জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার চেতনার জন্য মারাত্মক হুমকি।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির খুলনা শাখার ফরিদ আহমেদ পাঠান, মুশফিলা শামস মিনার, মিরাজুল ইসলাম ইমন, সাজ্জাদুল ইসলাম আজাদসহ আরও অনেকে।
আরিফুর রহমান/জেডএইচ/জেআইএম