দেশজুড়ে

মেয়র মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে নাশকতার মামলায় এক দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মিঠু শেখ এক দিনের রিমান্ড শেষে এমএ মান্নানকে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে হাজির করেন। শুনানি শেষে ওই আদালতের বিচারক তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়।এর আগে রিমান্ডের জন্য মঙ্গলবার বিকেলে অধ্যাপক এমএ মান্নানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে গাজীপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়।উল্লেখ্য, ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় পুলিশ অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার করে। একই দিন টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার পৃথক দুটি মামলায়ও তাকে গ্রেফতার করা হয়।                    আমিনুল ইসলাম/এফএ/এবিএস