দেশজুড়ে

সোনাগাঁওয়ে কাভার্ড ভ্যানচাপায় ভাই-বোন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় দুই ভাই-বোন নিহত হয়েছে। এসময় তাদের মা গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলো, ভাই সানি হোসেন (১০) ও বোন তানিয়া (১৩)। আহত হয়েছেন তাদের মা হেনা বেগম (৪২)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার সনমান্দি ইউনিয়নের ভিত্তিকান্দি এলাকায়। শনিবার সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের দরিকান্দী বাস স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা থেকে ঢাকাগামী তেতুল বহনকারী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওইসময় রাস্তা পারাপার হওয়া এক পরিবারের তিনজন কাভার্ড ভ্যানে চাপা পড়ে ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয়। পরে তাদের মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোনারগাঁও থানা পলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।শাহাদাত হোসেন/এফএ/এবিএস