দেশজুড়ে

যশোরে পুলিশ ক্যাম্প থেকে আটক ব্যক্তির পলায়ন

যশোর উপ-শহর পুলিশ ক্যাম্প থেকে জাহাঙ্গীর হোসেন (৪৮) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। শহরতলীর বাহাদুরপুর এলাকা থেকে আটক করে তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন এসআই বিপ্লব। পলাতক জাহাঙ্গীর শহরতলীর বিরামপুরের বাসিন্দা। বর্তমানে তিনি বাহাদুরপুরে বসবাস করেন। তার নামে কোনো মামলা ছিল না। তবে তার ছেলে সুমন একটি অপহরণ মামলার আসামি।যশোর উপ-শহর ক্যাম্পের এসআই বিপ্লব মুঠোফোনে জানান, বেলা ১১টার দিকে শহরতলীর বাহাদুরপুর এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে ধরে ক্যাম্পে নিয়ে আসেন। পরে বেলা পৌনে ১২টার দিকে জাহাঙ্গীর কৌশলে ক্যাম্প থেকে পালিয়ে যান।  এসআই বিপ্লব আরো জানান, আটক জাহাঙ্গীর কোনো মামলার আসামি না। তবে এলাকায় চুরিসহ নানা বদনাম রয়েছে তার বিরুদ্ধে। এজন্য তাকে ধরে ফাঁড়িতে আনা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ করে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়। পরে কৌশলে তিনি পালিয়ে যান।এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, এমন ঘটনা তার জানা নেই।মিলন রহমান/এআরএ/পিআর