যশোরের ঝিকরগাছার গদখালীতে শুক্রবার রাতে বোমা হামলায় নবনির্বাচিত ওয়ার্ড মেম্বার রাহাত জান সর্দারসহ তিনজন আহত হয়েছেন।আহতদের রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মেম্বার রাহাত জান সর্দারকে (৩৮) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে রেফার করেন। এসময় হাসপাতাল থেকে দাউদ মুহুরী (৪২) ও মারুফ হোসেন ওরফে মারু (৩৪) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গদখালী রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে এই বোমা হামলার ঘটনা ঘটে।আহত মেম্বার রাহাত জান সর্দার গদখালি ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের মেম্বার ও জলিল সর্দারের ছেলে।আহত মারুফ হোসেন ওরফে মারু জানান, নিবাচন-পরবর্তী হামলার ঘটনায় অভিযুক্তদের নামে মামলা করতে ঝিকরগাছা থানায় যান মেম্বারসহ তারা তিনজন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তারাবিহ নামাজ পড়ে দুইটি মোটরসাইকেলযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোল্ড স্টোরের সামনে পৌঁছালে একই গ্রামের মহিউদ্দিন, উজ্জ্বল, আবুল হোসেনসহ ৮-৯ জন তাদের মোটরসাইকেল লক্ষ্য করে পর পর তিনটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা মেম্বারের মোটরসাইকেলে লাগলে তিনি মারাত্মক আহত হন। অন্য মোটরসাইকেলে থাকা দাউদ মুহুরী (৪২) ও মারুফ হোসেন ওরফে মারু (৩৪) বোমার স্প্লিন্টারে আহত হন। বোমার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের যশোরে রেফার করেন। রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আহতদের আনা হলে কর্তব্যরত চিকিৎসক মেম্বার রাহাত জান সর্দারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।জামাল হোসেন/এফএ/এমএস