ক্যাম্পাস

বিক্ষোভ মিছিল মুহূর্তেই পরিণত হলো আনন্দ মিছিলে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতাদেশের আদেশ চেম্বার আদালতে স্থগিত করায় আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে স্থগিত আদেশের ব্যাপারে জানতে পারেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভরত অবস্থায় উল্লাস করতে থাকেন।

এর আগে শিক্ষার্থীরা ডাকসু স্থগিতাদেশের খবর শুনে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আসেন। সেখানে তারা অবস্থান গ্রহণ করে ডাকসুর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে বিকেলে হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। এই আদেশের সঙ্গে সঙ্গেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। পরে চেম্বার জজ আদালত আদেশ স্থগিত করেন।

এসময় শিবিরের সংবাদ সম্মেলনে ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ জানান, ৯ তারিখেই ডাকসু হবে। যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। নির্ধারিত দিনে ডাকসু হবে এবং শিক্ষার্থীরাই ডাকসুতে বিজয়ী হবে।

তিনি বলেন, আমরা জানি কারা ডাকসু নির্বাচন ভয় পায়। কারা ডাকসুর জন্য মেকি কান্না করলেও, সমর্থন না থাকায় ডাকসুকে ভয় পায়। যারা ডাকসু বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর তাদের লাল কার্ড দেখাবে।

ঢাবি শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, কাদের কথায় ডাকসু স্থগিত করা হচ্ছে? আওয়ামী-বামদের ষড়যন্ত্রে ডাকসু স্থগিতের রায় মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু স্থগিত করার মতো কোনো পরিবেশ তৈরি হয়নি। যথাসময়ে ডাকসু হতে হবে।

এমএইচএ/এফএআর/বিএ/জিকেএস