চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। তবে প্যানেল আকারে মনোনয়নপত্র সংগ্রহ না করায় কে কোন পদে প্রার্থী হচ্ছেন তা এখনো জানা যায়নি। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংগঠন দুটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কার্যালয় থেকে দুপুর ২টার দিকে ছাত্রদল ও ৩টার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ছাত্রদল নেতারা বলেন, প্যানেল বা জোটের বিষয়ে তারা কেন্দ্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। আর ছাত্রশিবিরের নেতারা আগামীকাল (বুধবার) সবকিছু পরিষ্কার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহের পর উভয় সংগঠনের নেতারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে আমাদের প্যানেল বা জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আমরা সবাইকে জানিয়ে দেব।
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছি। এই প্রশাসন জামায়াত-শিবিরের সঙ্গে মিলেমিশে একাকার। তবুও আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।
এদিকে বিকেল ৩টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, আমাদের প্যানেলের সদস্যরা আপাতত এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার(১৭ সেপ্টেম্বর) অফিসিয়ালি আমাদের প্যানেল ঘোষণা করা হবে।
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির ৬০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী একটি দলের সঙ্গে সম্পৃক্ত। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান। তবে আমরা আশা করছি নির্বাচনে অনিয়ম কারচুপির চেষ্টা শিক্ষার্থীরা রুখে দেবে।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রার্থী বিশৃঙ্খলা করেনি। আমরা আশা করছি, সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন পরিচালনা করতে পারবো।
সোহেল রানা/এমএন/এমএস