প্রবাস

মালদ্বীপে অভিযানে ৮১ অবৈধ অভিবাসী আটক, বেশিরভাগ বাংলাদেশি

মালদ্বীপে অভিবাসনবিরোধী অভিযানে বড় ধরনের সফলতা পেয়েছে পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী মালে শহরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়।

মাত্র দুই ঘণ্টার অভিযানে ৪৬৩টি স্থানে তল্লাশি চালিয়ে মোট ৯৩২ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ৮১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

অভিযানে ১০টি স্থানের তথ্য চিহ্নিত করা হয়েছে, যেখানে বিদেশিরা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ সরাসরি জাতীয়তা প্রকাশ না করলেও প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আটক হওয়া অধিকাংশ বিদেশি বাংলাদেশি নাগরিক। অভিযান শহরের বিভিন্ন গলি, আবাসিক এলাকা ও ব্যবসায়িক স্থাপনায় পরিচালিত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া মালদ্বীপে অবস্থান ও ব্যবসা করা অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অবিরতভাবে চালানো হবে।

এমআরএম/এএসএম