বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র চলতি বছরের ৫ জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন। চোখের দেখায় তিনি আর নেই। তবে রয়ে গেছে তার অসংখ্য কাজ আর অগুনতি স্মৃতি। সেই স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্প্রতি চালু করা হয়েছে প্রবীর মিত্রের নামে একটি বিশেষ ওয়েবসাইট।
তার চলে যাওয়ার পর থেকেই পরিবার নানা উদ্যোগ নিয়েছে অভিনেতার কাজ সংরক্ষণ ও প্রচারের জন্য। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে ওয়েবসাইটের কার্যক্রম।
সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে ওয়েবসাইট।’
ভবিষ্যৎ প্রজন্ম যেন অভিনেতাকে নতুনভাবে জানতে পারে সেজন্যই এই উদ্যোগ নেয়া হলো। এখানে প্রবীর মিত্রের ছবি, কাজ ও নানা তথ্য সংরক্ষণ করা হবে।
১৯৪১ সালে জন্ম নেওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। চার দশকের বেশি সময় ধরে তিনি কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় ছবিতে।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ প্রভৃতি।
এলআইএ/জেআইএম