দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন ফৌজদারহাট ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা, কর্মচারিরা। এতে স্বাভাবিক হয়েছে মহাসড়কের যান চলাচল।

শনিবার (৪ অক্টোবর) দুপুর দেড়টায় অবরোধ তুলে নেন তারা। তবে বেলা আড়াইটার দিকে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের টিআই রফিক আহমেদ মজুমদার।

এর আগে সকাল থেকে চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

অবরোধকারীরা অভিযোগ, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪ থেকে ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন, পরিবার নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়।

আরও পড়ুন:ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) লাবিব আব্দুল্লাহ ও সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করেন। এরপর আন্দোলনকারীরা ফৌজদারহাট এলাকার অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর তারা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এম মাঈন উদ্দিন/এনএইচআর/জেআইএম