বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী ও নতুনহাটে অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ কোটি ৬০ লাখ টাকার মোটর পার্টস, স্টিল সামগ্রী, স্যান্ডেল, ইমিটেশন সামগ্রী, মনোফিলামেন্টস এবং বিভিন্ন প্রকার ইলেকট্রনিক পার্টস আটক করেছে বিজিবি। যশোর-২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল শনিবার রাতে যশোরের নতুনহাট কলেজের সামনে একটি কাভার্ডভ্যান আটক করে। পরে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত প্রায় এক কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোটর পার্টস, ইমিটেশন এবং স্টিল সামগ্রী আটক করা হয়। রোববার দুপুরে অপর এক অভিযানে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের কাছে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। সেটি তল্লাশি করে ৯৩ লাখ ৫৪ হাজার ৬৪০ টাকা মূল্যের স্যান্ডেল, ইমিটেশন সামগ্রী, মনোফিলামেন্টস এবং বিভিন্ন প্রকার ইলেকট্রনিক পার্টস আটক করা হয়। আটক মালামাল যশোর শুল্ক গুদামে জমা রাখা হয়েছে। তিনি আরো জানান, আটক পণ্য চালানগুলো ভারত থেকে আমদানিকৃত। তবে শুল্ক ফাঁকি দিয়ে এগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।জামাল হোসেন/এমএস