নারায়ণগঞ্জ বন্দর উপজেলার থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের ভাই কুতুব উদ্দিনকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।নিহত কুতুবউদ্দিন একজন মুদি ব্যবসায়ী এবং বন্দরের সোনাকান্দা এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে।এদিকে, মুদি ব্যবসায়ী কুতুব উদ্দিনকে খুন করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে ছোরাসহ শামীম (২৫) নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তবে তার সঙ্গের লোকজন পালিয়ে যায়।নিহতের ভাই বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন বলেন, স্থানীয় পঞ্চায়েতের বিরোধের জের ধরে জাতীয় পার্টির নেতা আজিজুল হক আজিজ ও রাজা মিয়া ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তার ভাইকে খুন করিয়েছে। তারা ১৯৯০ সালেও একবার তার ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। আর সোমবার রাতে খুনিরা তাকে মোবাইল ফোনে বলে তার দোকানে তালা দেয়া হয়নি। এ কথা শুনে তিনি তার রুম থেকে বেরিয়ে নিচে আসলে সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী সন্ত্রাসী শামীমকে ধরে ফেলে এবং মুর্মূষু অবস্থায় তার ভাইকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, নিহত কুতুব উদ্দিন হত্যার ঘটনায় শামীম নামে একজনকে আটক করা হয়েছে। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। শামীমকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।শাহাদাত হোসেন/এসএস/এবিএস