নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুইটি ইউনিয়ন পরিষদের পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকার ও সাদিপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেমের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ নির্দেশনা দেন।মঙ্গলবার জেলা নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি জানা গেছে।বৈদ্যোরবাজার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি যোবায়ের রহমান চৌধুরী ও খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৈদ্যোরবাজার ইউনিয়ন হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুনরায় ভোট গণনার নির্দেশ দেন। পাশাপাশি এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পৌঁছার ১৫ কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন আদালত।লিখিত আবেদনে বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহবুব সরকার উল্লেখ করেন, ২৮ মে নির্বাচনে সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ডা. আব্দুর রউফ তার লোকজন দিয়ে কেন্দ্র দখল করে প্রিজাইডিং অফিসারের উপর প্রভাব খাঁটিয়ে ভোট কারচুপির মাধ্যমে ফলাফলে কালক্ষেপণ করে রাত সাড়ে ৮টায় ৩৬ ভোটের ব্যবধানে তাকে ফেল দেখানো হয়েছে। তবে তিনি দাবি করেছেন এ নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। পুনরায় ভোট গণনা করলে এটা প্রমাণিত হবে।এদিকে, সাদিপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেমের আবেদনের শুনানি শেষে বিচারপতি গোবিন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার এ আদেশ দেন। শনিবার এ আদেশটি নির্বাচন কমিশন হাতে পান। লিখিত আবেদনে সাদিপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম উল্লেখ করেন, গত ২৮ মে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। এসময় চশমা প্রতীকের ১৩৫টি ভোটের ব্যালট আলমারিতে লুকিয়ে রাখা হয়। ১ জুন ওই আলমারিতে লুকিয়ে রাখা ব্যালট দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যালটগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ১৪ জুন আবুল হাসেম উচ্চ আদালতে একটি আবেদন করেন। আবেদনের প্রক্ষিতে বৃহস্পতিবার সাত কার্য দিবসের মধ্যে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আল-আমিন তালুকদার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, উচ্চ আদালতে আদেশ পেয়ে প্রতিবেদন দাখিল করেছি।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞা জানান, আদালতে মামলা হয়েছে। তবে গেজেটের স্থগিতাদেশ না করা হলে প্রার্থীরা শপথ নিতে পারবে।বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব সরকারের আইনজীবী মো. জাফর উল্লাহ খাঁন বলেন, যেহেতু হাইকোর্ট হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২নং কেন্দ্রের ভোট পুনরায় গণনার জন্য আদেশ দিয়েছেন। মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কোনো প্রার্থী শপথ নিতে পারবেন না। শাহাদৎ হোসেন/এআরএ/এমএস