‘শেখ হাসিনার অবদান দুস্থদের অন্নদান’ এ স্লোগানে বেনাপোল পৌরসভা ৪ হাজার ৬শ’ ২০ জন খেটে খাওয়া অসহায় পরিবারকে ভিজিএফ কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল বিতরণ করেছে। বুুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি বুথের মাধ্যমে এ চাল বিতরণ করা হয়।পৌরসভার সচিব রফিকুল ইসলাম জানান, দেশের এ নতুন পৌরসভায় প্রাচীন পৌরসভার চেয়ে বেশি লোককে এবার ঈদে চাল বিতরণ করা হচ্ছে। কারণ অল্প সময়ে এ পৌরসভা দেশের এ গ্রেড পৌরসভায় উন্নীত হয়েছে এবং দেশের শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন এ পৌরনভার মেয়র আশরাফুল আলম লিটন।তিনি আরো বলেন, যশোর জেলায় এবার এ কনিষ্ঠ পৌরসভা বেশি অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল বিতরণ করছে।চাল নিতে আসা ভবারবেড় গ্রামের অসহায় সবুরন (৭০) নেছা জানান, আমি খুব খুশি। নাতি-পুতনিদের নিয়ে ঠিকমতো পেটপুরে ভাত খেতে পারি না। এবার ঈদে আমি আমার নাতি-নাতনিদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারবো।তিনি আরো জানান, মঙ্গলবার আমি নতুনভাবে ৯ মাসের একসঙ্গে পৌরসভা থেকে ৩ হাজার ৬শ’ টাকা পেয়েছি। যা দিয়ে আমার ভালোভাবে ঈদ করা হবে। এ কথা বলে একগাল হাসি দেন সবুরন নেছা।একইভাবে রহিমা, শাহনারা , বুলবুলি, অজুফাসহ একাধিক অসহায় মানুষের সঙ্গে আলাপকালে সবাই ২০ কেজি চাল এবং এর মধ্যে অনেকের এবার নতুনভাবে একসঙ্গে ৯ মাসের বয়স্ক ভাতা পাওয়ায় ঈদ ভালোভাবে কাটবে বলে অনুভূতি প্রকাশ করেন।বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন জানান, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি চাই বেনাপোল পৌরবাসী ভালো থাকুক। তারা দু‘বেলা দু’মুঠো ভালোভাবে খেয়ে-পরে বেঁচে থাকুক, সুস্থ থাকুক।
তিনি আরো বলেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এসব অসহায় মানুষের পাশে থাকবো।মো. জামাল হোসেন/বিএ