অর্থনীতি

সোনার দাম আরও বাড়লো, ভরি ২৬২৪৪০ টাকা

দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়। মঙ্গলবার (২৬ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৫ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট সাত দফায় সোনার দাম বাড়ানো হলো। এর আগে গতকালই সোনার দাম বাড়িয়ে রেকর্ড ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা করা হয়েছিল। তার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আজ আবারও দাম বাড়ানোর ঘোষণা এলো। চলতি জানুয়ারি মাসে দফায় দফায় মূল্যবৃদ্ধির ফলে, ভালো মানের এক ভরি সোনার দাম সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার উপরে বৃদ্ধি পেয়েছে।

এর আগে ২২ জানুয়ারি এক ভরি সোনার দাম এক লাফে ৮ হাজার ৩৯৯ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা ১৫ জানুয়ারি, ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৩১৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১৪ হাজার ৭ ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।

এর আগে, গতকাল ঘোষণা দিয়ে আজ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ Trace ৭২ হাজার ৯১৯ টাকা। আজ সোমবার এই দামে সোনা বিক্রি হয়েছে।

এদিকে সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪০৮ টাকা বাড়িয়ে ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমএএস/এমআইএইচএস/কেএইচকে