জুলাই অভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় পৌঁছে আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। এসময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলীসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
কবর জিয়ারত শেষে রংপুরের কালেক্টরেট ঈদগাঁহ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনি জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন আবু সাঈদ।
জিতু কবীর/আরএইচ/জেআইএম