দেশজুড়ে

ময়মনসিংহে ছিনতাইয়ের ঘটনা ভাইরাল, গ্রেফতার ২

ময়মনসিংহে ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হওয়ার পর ছিনতাই চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাপাতি ও চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ সদরের খাগডহড় গ্রামের মনজুরুল হকের ছেলে মাকসুদুল হক ওরফে রিশাদ (২৯) ও বেলতলী গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারি ভোর পাঁচটার দিকে নগরীর রেল স্টেশনের ২ নম্বর গেট সংলগ্ন রাস্তায় একটি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। এর নেতৃত্ব দেন মাকসুদুল হক ওরফে রিশাদ। এই ছিনতাইয়ের ঘটনা ফেসবুকে ভিডিও আকারে ভাইরাল হলে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ জানুয়ারি অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) আলোচিত এ ছিনতাই মামলার প্রধান আসামি মাকসুদুল হক ওরফে রিশাদ এবং তার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদু্ল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, এরা সরাসরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গ্রেফতারদের কাছ থেকে চাপাতি ও চাকু উদ্ধার করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এমএএইচ/